ICC: ২০২২ সালের ১ অক্টোবর থেকে সব নিয়মগুলি চালু করা হবে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশ মেনে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মাবলীতে একগুচ্ছ বদল আসতে চলেছে। মঙ্গলবার যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।
আগে কোনও ব্যাটার ক্যাচ দিয়ে আউট হলে দেখা হতো, তিনি অপর প্রান্তের ব্যাটারকে দৌড়ে ক্রস করেছেন কি না। যদি ক্রস করতেন, তাহলে পরের বলে স্ট্রাইক নিতেন অপর প্রান্তের ব্যাটার। আর নতুন ব্যাটার এসে দাঁড়াতে নন স্ট্রাইকিং প্রান্তে। কিন্তু সেই নিয়ম বদলে যাচ্ছে। নতুন নিয়মে ক্রিজে আসা ব্যাটারই স্ট্রাইক নেবেন। সে আউট হওয়া ব্যাটার অপর প্রান্তের ব্যাটারের সঙ্গে ক্রস করুন বা না করুন।
টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে ক্রিজে নতুন নামা ব্যাটারকে প্রথম বল খেলার জন্য ২ মিনিটের মধ্যে প্রস্তুত হতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে সেই সময়টা ৯০ সেকেন্ড।
কোনও শট খেলার সময় ব্যাটারের ব্যাটের বা শরীরের একটা অংশ পিচে থাকতেই হবে। তা নাহলে বলটিকে ডেড বল ঘোষণা করা হবে। পাশাপাশি কোনও বল খেলতে ব্যাটারকে পিচ ছাড়তে বাধ্য হতে হলে সেই বলটিকে নো বল ডাকা হবে।
করোনার প্রকোপে বল পালিশ করার জন্য লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিয়ম শুধু বহালই থাকল না, বল পালিশে লালার ব্যবহার চিরকালের জন্য বন্ধ করা হল।
বোলার বল করার জন্য দৌড় শুরু করার পর কোনও ফিল্ডার অবৈধভাবে নড়াচড়া করলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি হিসাবে দেওয়া হবে। বলটিকে ডেড বল ঘোষণা করা হবে।