Home » সিপিএমের ছাত্র–যুবদের ভিড়কে সমীহ করছে তৃণমূল, সুকান্তর মুখে ‘সেটিং’ তত্ত্ব

সিপিএমের ছাত্র–যুবদের ভিড়কে সমীহ করছে তৃণমূল, সুকান্তর মুখে ‘সেটিং’ তত্ত্ব

by admin

বিরোধী দলের সভার ভিড় নিয়ে প্রচলিত প্রতিক্রিয়ার বাইরে ভিন্ন কথা শোনা গেল। মঙ্গলবার বাম ছাত্র–যুবদের সভার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বললেন,‘‌দেখেশুনে যা মনে হল, ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই ওদের বৃহত্তম সমাবেশ। সংসদীয় গণতন্ত্রে বিরোধীরা মিছিল করবে, সভা করবে, সরকারের সমালোচনা করবে… এটাই স্বাভাবিক বিষয়। তাঁদের ছাত্র-যুব নেতারা বক্তব্য রেখেছেন, তাতে আমাদের সমালোচনাও থাকতে পারে। কিন্তু একটি সংসদীয় গণতন্ত্রের কাঠামোর মধ্যে সভা হয়েছে।’‌
বিজেপির (BJP) নবান্ন অভিযানের রেশ এখনও কাটেনি। পুলিশের সঙ্গে সংর্ঘর্ষে জড়ানোর অভিযোগে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপি সমর্থকদের মারে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এক পুলিশকর্তাও। ভাঙচুর করা হয়ে পুলিশের পিসিআর ভ্যানও। সেদিনের ঘটনার প্রসঙ্গ টেনে কুণাল বলেন, ‘‌আগের দিনের মতো চূড়ান্ত অরাজকতা, পুলিশকে খুনের চেষ্টা করা, ডোন্ট টাচ মাই বডি… এসব হয়নি। তাদের নির্বাচনী বিপর্যয় চলছে। বাম জমানার নীতিগুলি মানুষ মেনে নেয় না। তার মধ্যেও তারা কিছু লোক এনেছেন। সভা করেছেন। কিন্তু তাঁরা পুলিশকে আক্রমণ করেননি। গণতন্ত্রের এই সুস্থ পরিবেশটা থাকুক।’‌
কুণাল ঘোষ আরও বলেন, ‘‌বামেরা কোনও প্ররোচনা দেননি। তাই পুলিশও কিছু করেনি। অ্যাক্ট না হলে রিঅ্যাক্টেরও ব্যাপার নেই। নবান্নের অভিযান যা লোক হয়েছিল, তার দশ গুণ লোক হয়েছে এদিনের সভায়। পরিবর্তনের পর এটি বামেদের অন্যতম বৃহত্তম সমাবেশ। তবে লোক আসছে মানেই ওরা সফল হচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে এসব ভাবার কারণ নেই।’‌
পাশাপাশি ডিওয়াইএফআই–এর সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়েরও (Minakshi Mukherjee) প্রশংসা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। বললেন, ‘‌মীনাক্ষীর বয়স অনেক কম। নতুন প্রজন্মের যে কয়েকজন উঠে আসছেন, তাঁদের মধ্যে ভাল লাগছে মেয়েটিকে।’‌
উল্লেখ্য, অতীতেও শাসকদের নেতা–মন্ত্রীদের সিপিএমের (CPIM) বিষয়ে ইতিবাচক মন্তব্য করতে শোনা গিয়েছে। পুরভোটের ফলাফলের পর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, ‘‌সিপিএম ঘুরে দাঁড়াচ্ছে। বিজেপির থেকে সিপিএম অনেক ভালো।’‌
প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও বলেছিলেন বামশূন্য বিধানসভা ভালো লাগছে না। ওঁরা হাউসটা জানত, এরা (‌বিজেপি)‌ জানে না।’‌ শোনা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ট মহলে বলেছিলেন, বামের একেবারে শূন্য হয়ে যাবে, এটা তিনি আশা করেননি। এবার শাসকদলের মুখপাত্র কুণালের মুখেও সিপিএম সম্পর্কে ইতিবাচক মন্তব্য শোনা গেল।
কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) এদিনের বাম ছাত্র-যুবদের সভা নিয়ে ‘‌সেটিং’‌ তত্ত্ব তুলে ধরেছেন। বলেছেন, ‘‌এটাকে বামেদের মিছিল বলা ভুল হবে। এটা সিপিমূলের মিছিল ছিল। সিপিএম-এর থেকে বেশি তৃণমূল লোক সেখানে ছিল। ভুল করে ‘জয় বাংলা’ বলেনি… এই অনেক। বিরোধী ভোটকে ভাগ করার জন্য এধরণের আন্দোলন সংগঠিত করা হচ্ছে।’‌ এমনকি তাঁর অভিযোগ, ‘‌মহম্মদ সেলিমকে রীতিমতো সুপারি দিয়ে এধরণের স্পনসর্ড আন্দোলন করানো হচ্ছে।’‌
Read more at: https://www.thewall.in/news/kunal-ghosh-appreciate-the-crowd-of-cpm-students-and-youth/

You may also like

About Us

COPYRIGHT © 2022 DINKAAL. ALL RIGHTS RESERVED